প্রধানমন্ত্রী শেখ হাসিনার জা রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী মারা গেছেন।রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাসেম হোসেন বিন জুম্মন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জের নিজের বাড়িতে রওশন আরা ওয়াহেদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর; বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
রওশন আরা ওয়াহেদের স্বামী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ কানু মিয়া ছিলেন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
